সাভারে দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প
মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ‘দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থা’ (ওএপিডি)-এর উদ্যোগে ফুলবাড়িয়া গ্রামে এ সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় চক্ষু চশমা বিতরণ করা হয়। এছাড়া সাধারণ চোখের সমস্যা ও মাথাব্যথার চিকিৎসার পাশাপাশি ছানি ও নেত্রনালির জটিলতায় ভোগা রোগীদের বাছাই করে পরবর্তী অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
কার্যক্রম পরিচালনা ও সার্বিক পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন দারিদ্রও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও সমন্বয়কারী মো: তাইজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থা প্রতিনিধি চিকিৎসক ডা. মো: রবিউল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মো: মিজানুর রহমান এবং ফুলবাড়িয়া আবু বকর সিদ্দিক জামে মসজিদের ইমাম মো: লোকমান হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সাভার উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তাদের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।