জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বর্তমান সরকারকে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে যখন সিলেট বিভাগ হয়েছিল, তখন থেকেই কুমিল্লাকে বিভাগ করার দাবি জানানো হচ্ছে। কুমিল্লার মানুষের অপরাধ কী, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করুন। এছাড়া নোয়াখালীবাসীর দাবির বিষয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তিনি আরও বলেন, খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লায়—এ কারণে কুমিল্লার প্রতি বিরাগ দেখানো উচিত নয়। কোনো জেলার নাম নিয়ে বাড়াবাড়ি করা ওই জেলার প্রতিটি নাগরিককে অপমান করার শামিল।
কুমিল্লায় বিমানবন্দর ও ইপিজেড চালুর বিষয়ে তিনি বলেন, বিমানবন্দরটি যাচাই-বাছাই করে চালু করা যেতে পারে। তবে প্রশাসনিক কাজের সুবিধার্থে আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন জরুরি। তিনি আরও বলেন, সরকার নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনটিই রক্ষা করেনি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব ঠিকমতো পালন না করে অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন বলেও তিনি সমালোচনা করেন।
বিদ্যুৎ, গ্যাস, সার সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের শীর্ষ নেতারা।