ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম নিশ্চিত করেছে।
পুলিশের ভাষ্যমতে, নেতানিয়ার কিরিয়াত হাশারোন এলাকায় রাইফেলধারী এক ব্যক্তি গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের দাবি, ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। এই ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন বলে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইসরাইলি দৈনিক ইদিওথ আহরোনোথ জানিয়েছে, গুলি চালানো ওই ব্যক্তি একজন সেনাসদস্য ছিলেন। অন্যদিকে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরার সময় গুলি চালাচ্ছিলেন। তবে ঠিক কী কারণে বা কী উদ্দেশ্যে ওই সেনাসদস্য গুলি চালিয়েছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।