রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক সোহেল রানা (৪০), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৮) এবং হেলপার মোহাম্মদ মনির হোসেন (১৮)। রোববার ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে বনানীর এয়ারপোর্টগামী এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পাওয়া যায়। নিহতের মুখ ও দুই হাত স্কচটেপ দিয়ে বাঁধা ছিল এবং গলায় কালো দাগ ছিল। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ‘রাজ ক্লাসিক’ নামের একটি বাসকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে পুলিশ। পরবর্তীতে জামালপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাসটি জব্দ ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে জামালপুরের দিকপাইক বাসস্ট্যান্ড থেকে ইসমাইলকে যাত্রী হিসেবে তোলা হয়। বাসের ভাড়া নেয়ার সময় সুপারভাইজার সাজু নিহতের লুঙ্গির কোছায় অনেক টাকা দেখতে পান। তিনি বিষয়টি বাসচালক সোহেল রানাকে জানালে তারা টাকা লুটের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, চন্দ্রা বাসস্ট্যান্ডে ইসমাইলকে না নামিয়ে তাকে বাসে রেখে ঢাকার দিকে আসতে থাকেন তারা। পথে সুপারভাইজার ও হেলপার মিলে স্কচটেপ ও গামছা দিয়ে ইসমাইলের মুখ ও হাত বেঁধে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করেন। এরপর এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে বনানীতে গিয়ে পিলার নম্বর ১৭৯ ও ১৮০-এর মাঝামাঝি স্থানে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাজু ওরফে লিমনের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া বাসচালক সোহেল রানার বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা, দুটি মাদক মামলা এবং দুইটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।