দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন করে ১ হাজার ৪৩ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ৫৫ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবমতে, এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।