প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৭। ঝালকাঠির নলছিটি ট্রলার ঘাটটি প্রায় ৫০ বছরের পুরনো। দীর্ঘ এই সময়ে ঘাটটি দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করলেও আজ পর্যন্ত কোনো যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রোদ, বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে প্রতিদিন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

নলছিটি থেকে নদীপথে ষাটপাকিয়া, ঝালকাঠি ও বরিশাল যাতায়াতের জন্য এই ঘাটটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় ফেরি থাকলেও তা নির্দিষ্ট সময় ছাড়া বা বিশেষ প্রয়োজন ছাড়া চলাচল করে না। এ কারণে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ যাত্রী এই ঘাট দিয়ে নদী পারাপার করেন। এছাড়া ট্রলারে মোটরসাইকেল, ভ্যান ও রিকশাও পারাপার করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ প্রতিবছর ঘাটটি ইজারা দিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় করে। চলতি বছরেই ঘাট ইজারা থেকে পৌরসভার আয় প্রায় ১৫ লাখ টাকা। অথচ যাত্রীদের মৌলিক সুবিধা হিসেবে একটি সাধারণ যাত্রী ছাউনি নির্মাণে কোনো বরাদ্দ বা উদ্যোগ দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, ঘাট থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় করা হলেও যাত্রীদের সুবিধার ক্ষেত্রে পৌরসভা নির্বিকার।

তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে যাত্রী ছাউনি নির্মাণের জন্য ৭ লাখ ৬১ হাজার ৮৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। বরাদ্দকৃত অর্থের মধ্যে ১ লাখ ৮৭ হাজার টাকা উত্তোলন করা হলেও বাস্তবে কোনো নির্মাণকাজ সম্পন্ন হয়নি। এই অর্থের কোনো কাজ আলোর মুখ না দেখায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে নলছিটি পৌরসভা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাত্রী ছাউনি নির্মাণের বিষয়ে পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্থানীয় যাত্রীরা বলছেন, রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে প্রতিদিন ঘাটে দাঁড়িয়ে থাকতে হয়, যা তাদের যাতায়াতকে দুর্বিষহ করে তুলেছে।