বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের সংকট মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সমাধানের পথ খুঁজছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানিয়েছেন, কেবল সাময়িক সমাধানের ওপর নির্ভর না করে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস আহরণের ওপর গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক যুদ্ধ বা বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি সরবরাহে যেন ভবিষ্যতে বড় কোনো সমস্যা তৈরি না হয়, সেই লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস অপরিহার্য এবং জ্বালানি খাতের প্রতিটি উপাদানের সংকট একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যেসব উৎস থেকে আগে গ্যাস আমদানি করা হতো, সেগুলো এখন নানা সংকটের সম্মুখীন।
আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো অজুহাত দেখাতে চায় না। ২০২২ সালের আগস্টে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় জ্বালানি সংকটের প্রভাবে অফিসের সময়সূচি পরিবর্তন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সরকার মাত্র ছয় মাস দায়িত্ব পালন করছে, তাই অতীতের সব দায় বর্তমান সরকারের ওপর চাপানো সমীচীন নয়। সমস্যার স্থায়ী সমাধানের জন্য দায়িত্বশীল আচরণের ওপর তিনি জোর দেন।
অনুষ্ঠানে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে একাধিক ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন প্রেস সচিব। তিনি বলেন, তরুণরা তিন থেকে চারটি ভাষা শিখলে বাংলাদেশে বসেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ইআরএফের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, দৈনন্দিন রিপোর্টিংয়ের ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি জাপানি, চীনা বা ফরাসি ভাষার প্রাথমিক জ্ঞান বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ সহজ করবে। এছাড়া হেডম্যান একাডেমির প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন ভাষা শিক্ষার এই উদ্যোগকে দেশসেবার একটি প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা জানান, সদস্যদের ভাষাগত দক্ষতা বাড়াতে এবং বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ সহজ করতে ইআরএফ দীর্ঘ সময় ধরেই এই ভাষা ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা করছিল। প্রয়োজনে বিভিন্ন দেশের দূতাবাসের সহযোগিতা নেওয়ার বিষয়েও তারা কাজ করছেন।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় একটি সরকার ক্ষমতায় থাকার পর যুদ্ধের মতো বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকটের কারণে যদি অফিসের সময় পরিবর্তন করতে হয়, তাহলে মাত্র ছয় মাস দায়িত্বে থাকা বর্তমান সরকারের ওপর অতীতের সব দায় চাপানো ঠিক হবে না।