ত্রয়োদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য গঠিত এই কমিটিগুলোর কোনোটিতেই সভাপতি পদে বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি। এ নিয়ে সংসদের মোট ৫০টি কমিটির মধ্যে এ পর্যন্ত ৩৬টি কমিটি গঠন সম্পন্ন হলো। এর মধ্যে কেবল সরকারি হিসাব কমিটির সভাপতি পদটিই বিরোধী দলের ভাগে জুটেছে।

রোববার রাতে জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদাভাবে এই ১০টি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে পাস হয়। নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল খায়ের ভূঁইয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মুন্সী রফিকুল আলম।

বাকি কমিটিগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এ কে এম সেলিম রেজা হাবিবকে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন শামছুর রহমান শিমুল বিশ্বাস। নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন জয়নুল আবদিন ফারুক এবং মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খায়রুল কবির খোকনকে। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বরকতউল্লা বুলু এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে।

কমিটি গঠনের পাশাপাশি একই দিনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি পদে পরিবর্তন এনে বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্থলে দলটির আরেক সংসদ সদস্য শাহাদাত হোসেনকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৫০টি সংসদীয় কমিটির মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি এবং বিষয়ভিত্তিক কমিটি রয়েছে ১১টি। নতুন গঠিত ১০টিসহ এখন পর্যন্ত মোট ৩৬টি কমিটি গঠন করা হলো।