বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। তিনি এর আগে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন।
রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসিচব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়।
এর আগে, গত ২৬ জুলাই বিপিসির তৎকালীন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। এরপর প্রায় এক সপ্তাহ পদটি শূন্য থাকার পর গত ২ আগস্ট জিয়াউল হককে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার মাত্র ৫ দিন পর, ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।
জিয়াউল হকের পদোন্নতির পর আরও ৫ দিন শূন্য থাকে বিপিসির শীর্ষ পদটি। পরবর্তীতে গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। অবশেষে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ড. মো. রফিকুল ইসলামকে বিপিসির নিয়মিত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো।