ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক ভোটগ্রহণের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে যেসব নতুন নিয়ম চালু করা হয়েছিল, তার অনেকগুলোই এবার স্থানীয় সরকার নির্বাচনে যুক্ত করা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানতে চাইলে তিনি বলেন, চলতি মাসের মধ্যেই অনেক অগ্রগতি দৃশ্যমান হবে এবং বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্টভাবে তথ্য দেওয়া সম্ভব হবে। বর্তমানে নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা শিগগিরই সবার সঙ্গে ভাগ করে নেওয়া হবে।
তবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি উল্লেখ করেন, নভেম্বর ও ডিসেম্বর মাস ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষকদের জন্য বেশ ব্যস্ততার সময়। এ সময় বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, টেস্ট ও প্রি-টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্র হিসেবে সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ব্যবহার করা হয় এবং শিক্ষকরাই প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাই পরীক্ষা ও ভোট গ্রহণ যেন একই সময়ে না পড়ে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কমিশন।
আনোয়ারুল ইসলাম সরকার আরও স্পষ্ট করেন যে, পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে তার আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। তবে এখনই সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ বা তারিখ ঘোষণা করতে অপরাগতা প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় প্রয়োজন, কারণ কমিশন বর্তমানে এ নিয়েই কাজ করছে।