মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে নির্যাতন ও দালালদের প্রতারণাসহ ১০টি প্রধান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
গত রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার আনা একটি মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ এই নোটিশটি উত্থাপন করা হয়।
সংসদে উত্থাপিত ওই নোটিশে প্রবাসীদের অধিকার ও কল্যাণ সুরক্ষায় ১০টি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—ই-পাসপোর্ট জটিলতা নিরসন করা, সৌদি আরবে বাংলাদেশিদের অপহরণ ও নির্যাতন বন্ধ করা, দালাল চক্রের প্রতারণা প্রতিরোধ, দক্ষ জনশক্তি গড়ে তোলা, গামকা মেডিকেল পরীক্ষার অনিয়ম বন্ধ করা, বিএমইটির দুর্নীতি রোধ, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত অভিবাসন ব্যয় কমিয়ে আনা, দূতাবাস থেকে সরাসরি সেবা নিশ্চিত করা এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা।
নোটিশের জবাবে প্রতিমন্ত্রী নুরুল হক নুর সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সংসদ সদস্য অত্যন্ত নিখুঁতভাবে প্রবাসীদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করেছেন, যার জন্য তাকে ব্যাপক পড়াশোনা ও গবেষণা করতে হয়েছে। প্রতিমন্ত্রী আরও যোগ করেন, প্রবাসীদের এসব সমস্যা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতিতেও প্রবাসীদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, তাই তাদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।