রাজশাহীর তানোরে টানা বৃষ্টির প্রভাবে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে সাহেদা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশর চকপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাহেদা বেগম ওই গ্রামের বাসিন্দা আল-আমিনের স্ত্রী।

ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সাহেদা বেগমের মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ওই গৃহবধূ গুরুতর আহত হয়েছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।