আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশেরই বয়স কম এবং তারা স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। বাসের অনেক যাত্রীই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণের আয়োজন কোনো স্থানীয় স্কুল করেনি। বরং বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এমন ভ্রমণের আয়োজন করে থাকেন। এই দুর্ঘটনায় বাসচালক নিজেও নিহত হয়েছেন।
এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।