হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এই সামরিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ০.৮২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ০৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ০.৮৭ শতাংশ বেড়ে ৯২ দশমিক ২৮ ডলারে লেনদেন হয়েছে।

তেহরানের দাবি অনুযায়ী, তারা হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকার ও তিনটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। ইরানের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের হামলায় তাদের তিনটি তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, ওয়াশিংটন জানিয়েছে, ইরানের হামলার জবাব দিতেই তারা ইরানি তেলবাহী ট্যাংকারে আঘাত হেনেছে।

এই পাল্টাপাল্টি হামলার ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজের চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যেখানে প্রতিদিন গড়ে মাত্র ১০টি জাহাজ যাতায়াত করেছে। উল্লেখ্য, বিশ্বের ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুটে দীর্ঘস্থায়ী অস্থিরতা বিশ্ববাজারে বড় ধরনের সরবরাহ সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকেই তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত সপ্তাহেই ব্রেন্ট ক্রুডের দাম ৭.৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।