সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভারতের দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, শেখ সেলিম দলের সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য হওয়ায় তার অনুপস্থিতিতে তিনি এই দায়িত্ব সামলাবেন। একই সাক্ষাৎকারে নিজের ছোট বোন শেখ রেহানা সম্পর্কে তিনি স্পষ্ট করেন যে, রেহানা সরাসরি রাজনীতির সাথে যুক্ত নন।
দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে শেখ হাসিনা তার ব্যক্তিগত নিরাপত্তা, দেশে ফেরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন। তিনি ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে দেশে ফিরলে এয়ারপোর্টেই তাকে হত্যা করা হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে, কিন্তু কাউকে বিপদে ফেলে তিনি দেশে ফেরার নির্দেশনা দিতে চান না।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শেখ হাসিনা অভিযোগ করেন যে, দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে জঙ্গিবাদীদের উত্থানের খেসারত ভারতকেও দিতে হবে। তার মতে, বাংলাদেশের অস্থিতিশীলতা ও মৌলবাদী শক্তির বিস্তার ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে। তাই দুই দেশের পারস্পরিক বোঝাপড়াকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এছাড়া বাংলাদেশের নির্বাচনকে ভারতের সমর্থন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ভারত সরকার কী ভেবে বাংলাদেশের নির্বাচন সমর্থন করল বা তারেককে ফিরিয়ে আনল, তা ভারত সরকারই ভালো বলতে পারবে।