আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন 'উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬' জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই নতুন বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
নতুন এই আচরণবিধিতে নির্বাচনী প্রচারণার ধরন ও ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। এছাড়া ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন স্থানে প্রচারসামগ্রী ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রকাশ্য মিছিল করার সুযোগ থাকবে না। পাশাপাশি ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান ও ট্রেনসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে মিছিল বা শোভাযাত্রা করাও নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে। এছাড়া বিধিমালা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান যুক্ত করা হয়েছে।