পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো। সাধারণত কেপ ভার্দের সড়কগুলোর অবস্থা বেশ ভালো এবং যানবাহনগুলো ত্রুটিমুক্ত হওয়ায় দেশটিতে এ ধরনের দুর্ঘটনা বিরল।

সাংবাদিকদের কানুতো জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি ছিল স্কুলের শিক্ষা সফরের বাস, যাতে মোট যাত্রী ছিল ৩২ জন। কেপ ভার্দের পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফিরে আসার সময় অপ্রত্যাশিতভাবে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

এই শিক্ষা সফরের আয়োজক ছিলেন সেই বাসটির চালক। প্রতি বছর একবার তিনি উপহার হিসেবে নিজ খরচে কয়েক জন স্কুল শিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাসফরে নিয়ে যান। এবারও তা-ই গিয়েছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারের জন্য রাতভর কাজ করেছেন। যানটি একটি দুর্গম পাথুরে উপত্যকায় এসে থেমেছিল। আরসিভি-র তথ্য অনুযায়ী, রোববার ভোরে সাতজনকে কবর দেওয়া হয়েছে এবং বাকিদের দিনের পরবর্তী সময়ে কবর দেওয়ার কথা ছিল।