ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় ২৫ বছর বয়সী রিয়া তালুকদার নামের এক তরুণীকে তার স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর নিহতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
প্রতিবেশীদের কাছ থেকে ওই দম্পতির ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রতিবেশীরা পুলিশকে জানান, গত দুই দিন ধরে ওই দম্পতিকে দেখা যাচ্ছিল না এবং তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রিয়া তালুকদারের খণ্ডিত ও পচন ধরা মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের আঙুলগুলো অর্ধেক কাটা ছিল এবং ধড় থেকে মাথা বিচ্ছিন্ন ছিল।
তদন্তের এক পর্যায়ে পুলিশ ওই ফ্ল্যাট তল্লাশি করে ফ্রিজের ভেতরে রাখা একটি পলিথিন ব্যাগ থেকে নিহতের খণ্ডিত মাথা উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক ছিলেন। তবে রোববার রাতে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল বা আত্মসমর্পণের পরিস্থিতি কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না, তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।