প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০০

চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে গিয়ে পিচ্ছিল পাথরে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়েছেন আহসান হাবীব ইমরোজ (২১) নামের এক কলেজছাত্র। সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝর্ণা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ইমরোজকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত আহসান হাবীব ইমরোজ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাবকীড় মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ফুলবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে তিনি ওই ঝর্ণায় বেড়াতে এসেছিলেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে নাপিত্তাছড়া ঝর্ণায় এক পর্যটক আহত হওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতের বন্ধু মারুফ হাসান জানান, সকালে তারা একসঙ্গে নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে এসেছিলেন। ঝর্ণার পিচ্ছিল পাথরে পা পিছলে ইমরোজ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান সুরভি জানান, আহত পর্যটক ইমরোজের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। তার মধ্যে স্মৃতিভ্রমের লক্ষণ দেখা দেওয়ায় এবং মাথায় তাৎক্ষণিকভাবে সিটি স্ক্যান করা প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।