বরুড়ায় আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের মাঠ প্রস্তুতি পরিদর্শনে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

মরহুম এ.কে.এম. আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আসন্ন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। টুর্নামেন্টকে সামনে রেখে খেলার মাঠকে খেলোয়াড়দের উপযোগী করে তোলার লক্ষ্যে চলমান সংস্কার ও প্রস্তুতকরণ কাজ পরিদর্শন করেছেন বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। রোববার (৬ সেপ্টেম্বর) বরুড়ার স্থানীয় খেলার মাঠে পরিদর্শনে যান বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাফর ইকবাল এবং ক্রীড়া সংস্থার সদস্য নজরুল ইসলাম সাদ্দাম। পরিদর্শনকালে তারা মাঠের সমতলকরণ, সীমানা নির্ধারণ ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের সার্বিক খোঁজখবর নেন। এ সময় সদস্য সচিব জাফর ইকবাল বলেন, উপজেলার ফুটবলপ্রেমীদের একটি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন টুর্নামেন্ট উপহার দিতে মাঠ প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আন্তর্জাতিক মান ও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।