কুড়িগ্রামের রৌমারীতে সারের ডিলারের একটি গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট করার ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে রৌমারী মহিলা কলেজপাড়াস্থ মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী কৃষকদের ভাষ্যমতে, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই ডিলার পয়েন্টে গভীর রাত থেকেই সারের অপেক্ষায় ছিলেন কৃষকরা। দীর্ঘ সময় পার হলেও ডিলার সার বিতরণের জন্য উপস্থিত না হওয়ায় এক পর্যায়ে উত্তেজিত জনতা গোডাউনের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং শতাধিক বস্তা সার নিয়ে যায়।
এ বিষয়ে মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার মো. মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণের কথা ছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। তার অনুপস্থিতিতেই ধৈর্যহারা কৃষকরা সার লুট করে নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান জানান, তিনি নিজে বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়ে পরিস্থিতি মনিটরিং করছেন। একটি পয়েন্টে বিশৃঙ্খলা তৈরি হলেও পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া দাবি করেছেন, এলাকায় সারের কোনো সংকট নেই। তিনি কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল থেকে খোলাবাজারে সার বিতরণের ব্যবস্থা করা হবে, যা সার নিয়ে গুজব নিরসনে সহায়তা করবে।