জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সেখানে অবস্থানকালে তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান।

বাঁধন অভিযোগ করেন, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেই সময় একদল বাঙালি তার ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করে। তিনি বলেন, 'সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।'

অভিনেত্রী আরও জানান, ওই সময় তার সঙ্গে ভাইয়ের ছোট শিশু ছিল। হামলাকারীরা তার শরীরে হাত তুলেছে এবং তার ফোনটি ফেলে দিয়েছে। এমনকি তার কানের পাশে আঘাত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

বাঁধনের ভাষ্যমতে, হামলাকারীরা তাকে জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করার কারণে হেনস্তা করেছে। তিনি বলেন, 'তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।' বাঁধন দাবি করেন, হামলাকারীরা নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে তাকে জোরপূর্বক 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' বলতে বাধ্য করেছে। তারা এই পুরো ঘটনাটি ভিডিও করেছে এবং লাইভ প্রচার করেছে।

ভিডিওর এক পর্যায়ে বাঁধন হামলাকারীদের উদ্দেশ্যে বলেন, 'আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই। আপনারা ভেবেছেন- এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন।'