নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক-কর রেয়াতি সুবিধা প্রদানের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। সোমবার রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেয়া হবে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

সরকারি এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ ঘাটতির কারণে জনজীবনে সৃষ্ট ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এর মাধ্যমে শিল্প উৎপাদন অব্যাহত রাখা, উৎপাদন ব্যয় কমিয়ে আনা এবং যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হবে।