প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩০

আঞ্চলিক ভূরাজনৈতিক সংঘাতের কারণে তেল রপ্তানি চরম ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিকল্প পথ খুঁজছে ইরাক। দেশটির আয়ের প্রধান উৎস সুরক্ষিত রাখতে কৌশলগতভাবে হরমুজ প্রণালি এড়িয়ে অপরিশোধিত তেল পাঠানোর উদ্যোগ নিয়েছে বাগদাদ সরকার। ইরাক সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরাকের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মাজহার মুহাম্মদ সালেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরাকি নিউজ এজেন্সি’ (আইএনএ)-কে জানান, চলমান আঞ্চলিক সংকটের প্রভাব সামাল দিতে সরকার এখন সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, পাইপলাইন ও বিকল্প পথ খোঁজার বিষয়টি মূলত রাষ্ট্রীয় কৌশলের অংশ। এর লক্ষ্য হলো ভূরাজনৈতিক সংঘাত থেকে দেশের তেল নীতি ও বিপণনকে দূরে রাখা।

মাজহার মুহাম্মদ সালেহ আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে তেল পরিবহনের ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদি কোনো বাধা তৈরি হয়, তবে ইরাক সরকারকে প্রতিবেশী দেশগুলোর ট্রানজিট অঞ্চলের ওপর বেশি নির্ভর করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার আগে ইরাক প্রতিদিন গড়ে প্রায় ৩৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত। এই বিপুল পরিমাণ তেলের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই সরাসরি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে বিকল্প পথ ব্যবহার করে সমপরিমাণ তেল রপ্তানি সচল রাখাই বাগদাদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।