বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যক্রম তদারকি করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশ করার সময় তিনি এই আহ্বান জানান। সোমবার (৭ সেপ্টেম্বর) এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে দেওয়া বক্তব্যে ভলকার তুর্ক বলেন, ‘আমরা বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়ে আসছি।’ এর আগেও বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তাদের ওপর স্বাধীন নজরদারির জন্য একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের তৈরি করা তথ্যানুসন্ধান প্রতিবেদনেও এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছিল। ওই প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসামরিক তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।