বরুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুমিল্লার বরুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিজয়ী খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসাদুজ্জামান রনি। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহনশীলতার শিক্ষা দেয়। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া অনুশীলনের বিকল্প নেই।” তিনি বিজয়ী শিক্ষার্থীদের আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে উপজেলার সুনাম বয়ে আনার আহ্বান জানান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।