সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে আর আসার আহ্বান জানানো হচ্ছে না, বরং সরকার তাকে আইন অনুযায়ী দেশে ধরে নিয়ে আসতে চায়।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী তার আর আপিল করার সুযোগ নেই। তিনি বলেন, টেকনিক্যালি পরিস্থিতি এমন যে তিনি ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক এবং শেখ হাসিনার বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরের শর্ত হিসেবে যখন এই বিষয়টি সামনে এসেছে, তখন সরকার একে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিনি বলেন, সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় না—এমন ধারণা ভুল এবং এটি ভারতের ওপর চাপ সৃষ্টির কোনো কৌশল নয়।
সম্প্রতি ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, যারা বিদেশে অবস্থান করছেন, তারা এ ধরনের পরিস্থিতির শিকার হতে পারেন। তিনি বলেন, ভারত সরকারের বিষয়টি বোঝা উচিত যে, শেখ হাসিনার মতো পলাতক আসামির মিডিয়ায় উপস্থিতি এবং তার কর্মকাণ্ড আমাদের জন্য কতটা ক্ষুব্ধ হওয়ার মতো বিষয়।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আশা করব আপনারা তাকে প্রশ্ন করবেন যে, তিনি কি মনে করেন এটি একটি ইতিবাচক পদক্ষেপ। উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সরকারের পাঠানো প্রতিবাদলিপিতে আস্থার পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের নিশ্চিত হতে হবে যে তারা প্রকৃতপক্ষে আমাদের সঙ্গে যথেষ্ট এনগেজ হতে আগ্রহী।