প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩২

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল এই বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনীপর্ব অনুষ্ঠিত হবে। এই আয়োজনেই নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।

শপথ নেওয়ার আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি একটি মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন। সেখানে তিনি আগামী অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনায় তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, শপথগ্রহণ অনুষ্ঠানের পর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।