সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

একই সময়ের মধ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন রোগী। এই নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৯৪ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।