ভোলার লালমোহন উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

পদযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজই দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে পারে। এ জন্য সমাজের সর্বস্তরের শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় সবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সঞ্চালনায় এই আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ রাশেদুল ইসলাম এবং বিজেপির সেক্রেটারি আব্দুর রব সোহাগ। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।