প্রায় এক দশক আগের এক অপূর্ণ স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে মেহেদী হাসান মিরাজের জন্য। ২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বদলি খেলোয়াড় হিসেবে সুযোগ পেলেও সেবার মাঠে নামা হয়নি এই টাইগার অলরাউন্ডারের। দীর্ঘ নয় বছর পর আবারও সেই মঞ্চে ডাক পেলেন তিনি। এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে যোগ দিয়েছেন মিরাজ।

একই সাথে গায়ানা দলে আরও একটি পরিবর্তন এসেছে। উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের পরিবর্তে দলটিতে যুক্ত হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস। মূলত আফগানিস্তানের জাতীয় দলের আসন্ন সূচির কারণেই নবী ও গুরবাজকে সিপিএল ছাড়তে হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে।

চলতি সিপিএল মৌসুমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দুর্দান্ত ফর্মে রয়েছে। গ্লোবাল সুপার লিগ ও সিপিএল মিলিয়ে এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে দলটি। এই সাফল্যের পেছনে বড় অবদান ছিল মোহাম্মদ নবীর। তিনি সিপিএলে ছয় ইনিংসে ১২ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি, যার ইকোনমি রেটও ছয়ের নিচে। এমন একজন পারফর্মারের অভাব পূরণ করা মিরাজের জন্য বড় একটি চ্যালেঞ্জ।

টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অন্যতম ভরসা হলেও টি-টোয়েন্টিতে মিরাজের অবস্থান এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়। ২০১৭ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ গত বছরের ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তাকে সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর ক্যারিবীয় এই মঞ্চে মিরাজ কেমন পারফর্ম করেন, সেটিই এখন দেখার বিষয়।

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৯

৯ বছর পর ক্যারিবীয় মঞ্চে মেহেদি মিরাজের অভিষেক কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।