বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, যখনই ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হবে, তখনই দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এরপর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তিনি আরও মন্তব্য করেন যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে বসে কী বলছেন তা গুরুত্ব পাওয়ার বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান আছে।
সভায় ‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে তিনি বলেন, এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলাদেশ ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে নিজস্ব পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। দেশের মানুষের স্বার্থ এবং উপযোগিতা বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। মক্কা প্যাক্টের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত সময়ে বিস্তারিত জানাবে বলেও তিনি জানান।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা এবং মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।