পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগ দিলেন এম এ মজিদ
বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।
পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন এম এ মজিদ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা পরিষদে যোগদানের সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শুরুতেই জেলা পরিষদের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। এরপর বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণকালে নতুন প্রশাসক এম এ মজিদ বলেন, জনকল্যাণে গৃহীত সকল উদ্যোগ সফলভাবে এগিয়ে নিতে তিনি কাজ করবেন। এ সময় তিনি জেলা পরিষদের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
প্রসঙ্গত, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. তৌহিদুল ইসলাম মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। পরবর্তীতে শূন্য পদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।