পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেইজে একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৭ সেপ্টেম্বর ভোরে এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে তা সম্পূর্ণ নির্বাপণ করে। এই ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি। অগ্নিকাণ্ডে অস্থায়ী ভবনটির দুটি কক্ষের অফিসের আসবাবপত্র, নথিপত্র এবং কিছু তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ-সংক্রান্ত সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রয়োজনীয় নথিপত্রের ব্যাকআপ কপি সংরক্ষিত থাকায় প্রকল্পের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্প্লিট-টাইপ এসির ইনডোর ইউনিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যদিও প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। প্রকল্পের নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে একটি অস্থায়ী ভবনে সীমাবদ্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রকল্পের মূল নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ।