দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের ফ্লাইটের জন্য আবারও বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। আগস্টে বড় অঙ্কের মূল্যবৃদ্ধির রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বর মাসের জন্য নতুন এই দর নির্ধারণ করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক আদেশের মাধ্যমে নতুন এই মূল্য তালিকা প্রকাশ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা করা হয়েছে। অর্থাৎ, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা।

পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৭৭০ ডলার, যা আগে ছিল ১ দশমিক ০৩৫৮ ডলার।

বিইআরসির দেওয়া আদেশে জানানো হয়েছে, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেট এ-১-এর প্লাটস রেটের গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনা করে শুনানি শেষে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে আগস্ট মাসে জেট ফুয়েলের দাম এক লাফে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। তবে তার আগে টানা তিন দফায় এই জ্বালানির দাম কমানো হয়েছিল। সবশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তার আগে জুনে দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। এ ছাড়া ২৩ মে এক মধ্যবর্তী সমন্বয়ে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা এবং ৭ মে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।