সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য তিনি প্রধান বিচারপতিকে এক মাসের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, অন্যথায় সাধারণ আইনজীবীদের ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার সভাপতি এই আল্টিমেটাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিও তুলে ধরেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগে অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিচারাঙ্গনের স্বচ্ছতা ও মর্যাদা ফিরিয়ে আনতে ওইসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে।
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সব বস্তি উচ্ছেদ করাসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান বার সভাপতি।
সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে একটি শুনানিতে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্যারিস্টার খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন। দেশের এমন একটি সংকটময় মুহূর্তে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।