সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) আবদুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দায়িত্বের পরিধি বৃদ্ধি করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন যেসব মন্ত্রণালয় বা বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই, সেগুলোর সংসদ বিষয়ক কার্যাবলি পরিচালনার জন্য এই দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদ বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকলে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার অবর্তমানে এই দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।