রাজধানীর বাজারে মাসখানেকের বেশি সময় ধরে চড়া দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম ও ব্রয়লার মুরগি। এর সঙ্গে মাছের বাজারও বেশ চড়া। তবে সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে দেখা গেছে, এক ডজন ডিম এখনো ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কমেনি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। অথচ আগস্টের শুরুর আগে প্রতি কেজি ব্রয়লার ১৭০-১৮০ টাকা এবং এক ডজন ডিম ১৩০-১৪০ টাকায় পাওয়া যেত। এছাড়া সোনালি মুরগির দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে প্রায় ৩০ টাকা বেড়ে ৩৪০ থেকে ৩৬০ টাকা হয়েছে। অবশ্য হাইব্রিড সোনালি বা কালারবার্ড মুরগির দাম কিছুটা কম, কেজি ৩০০-৩৩০ টাকা।
বিক্রেতাদের মতে, গত কয়েক মাসে বন্যা, অতিবৃষ্টি, অতিরিক্ত গরম ও সাম্প্রতিক লোডশেডিংয়ের কারণে অনেক খামারে ডিম পাড়া ও ব্রয়লার মুরগি মারা গেছে। লোকসানের মুখে অনেক খামারি নতুন করে মুরগি পালন শুরু না করায় বাজারে সরবরাহ কমেছে এবং দাম বাড়তি রয়েছে। দীর্ঘ সময় ধরে ডিম ও মুরগির দাম না কমায় উদ্বেগ জানান রাজধানীর তাজমহল রোডের বাসিন্দা তাজুল ইসলাম। তিনি বলেন, 'আমার আয় কম। মাংসের মধ্যে মুরগিই মূলত কেনা হয়। সেটির দামই কমছে না।'
মাছের বাজারেও একই রকম চড়া ভাব দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, রুই, কাতলা, পাবদা, তেলাপিয়া, পাঙাশ মাছ কেজিতে ২০-৩০ টাকা বেশি বিক্রি হচ্ছে। বাজারে চাষের পাঙাশ আকারভেদে ২৫০-৩০০ টাকা এবং তেলাপিয়া ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। আড়াই থেকে তিন কেজি ওজনের রুই ৪০০ টাকা এবং কাতলা ৪২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে সবজির বাজার কিছুটা স্বস্তিদায়ক। অধিকাংশ সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া গেলেও বরবটি, বেগুন ও কাঁচা মরিচের দাম এখনো ১০০ টাকার ওপরে রয়েছে।
এদিকে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের মধ্যে গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মাসখানেক আগে ১০৫-১১০ টাকা কেজি দরে বিক্রি হওয়া খোলা চিনি এখন বিক্রি হচ্ছে ১১৫ টাকায় এবং মোড়কজাত চিনি ১২০ টাকা। এছাড়া সুগন্ধি বা পোলাও চালের কেজি এখনো ২০০ টাকার কাছাকাছি। দেশের বাজারে সরবরাহ সংকট কাটাতে গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমানোর প্রজ্ঞাপন জারি করেছে।
প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩৪০-৩৬০ টাকা।