জরুরি উন্নয়নকাজের জন্য শুক্রবার (১১ সেপ্টেম্বর) রংপুর ও রাজশাহী বিভাগের বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) তাদের রাজশাহী ও রংপুর বিভাগের বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

নেসকো রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একই পোলে ডুয়েল সোর্স লাইন থাকায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড-এ দুই ফিডারই বন্ধ রাখা হবে।

এদিকে, রাজশাহীতেও একই দিনে দীর্ঘসময় বিদ্যুৎ বিভ্রাট থাকবে। নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজ চলবে। এর ফলে রুয়েট ক্যাম্পাস, ভার্সিটি ক্যাম্পাস, সাগরপাড়া, বোষপাড়া, মুহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি ও তৎসংলগ্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।