নাটোরের সিংড়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামের এক রাজমিস্ত্রী প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাফায়েত (২২) নামে আরও এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বন্দর আমতলা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুল ইসলাম মারা যান। নিহত জহুরুল সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ি গ্রামের তায়েজ উদ্দিন প্রাং-এর ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাফায়েতকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন। আহত সাফায়েত সিংড়া উপজেলার সাতপুরুলিয়া গ্রামের মোঃ ফেরদৌসের ছেলে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা একজন আহত ব্যক্তিকে উদ্ধার এবং একজনের মরদেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।