ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরই অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিসের বিপক্ষে একটি ‘ক্লোজড ডোর’ বা রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল কোচ টমাস ডুলির শিষ্যরা। তবে এই ম্যাচে নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি জাতীয় দলের ফুটবলারদের, যার ফলে ফর্টিসের কাছে ১-০ গোলে হার মেনেছে তারা। ফর্টিসের হয়ে জয়সূচক গোলটি করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকুয়ে। এর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল জাতীয় দল।

প্রাথমিক দলে ডাক পাওয়া ২৮ জন ফুটবলারকে যাচাই-বাছাই করতেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে বিমান ধরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ২১