ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানা গেছে, সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও একাডেমিক কার্যক্রম, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং অর্জিত অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। এ সময় ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘আবরার ফাহাদ হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়টিও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান নিজের লেখা কয়েকটি গবেষণামূলক বই প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রী বইগুলো সাদরে গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রা বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই আলোচনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত প্রসারে নতুন দিগন্তের উন্মোচন করবে।
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তিনি দেননি। আমি উনাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানিয়েছি এবং কুষ্টিয়া সফরের অংশ হিসেবে তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।” উপাচার্য আরও জানান, আগামী মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের সময় ইসলামী বিশ্ববিদ্যালয় সফরসূচিকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ক্যাম্পাসের নবনির্মিত ‘আবরার ফাহাদ’ হলটি উনাকে দিয়ে উদ্বোধন করানোর পরিকল্পনা রয়েছে।