জাতীয় সংসদে দেশের মানুষের দুঃখ-কষ্টের কথা বলতে বাধা পেয়ে বাধ্য হয়ে অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বর্তমানে বিদ্যুৎ ও সারের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে, যার কারণে সাধারণ মানুষ চরম কষ্ট পাচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, তারা জনগণের এসব কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না।

এর আগে সকালে ডা. শফিকুর রহমান মানিকপোটল গ্রামে পৌঁছে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। কবর জিয়ারত শেষে তিনি স্থানীয় মাদরাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক সাধারণ মানুষ সমবেত হন। মানিকপোটল গ্রামে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

এ সফরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার রাতে বগুড়ায় এসে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন জামায়াত আমির। পরে শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি ধুনটের উদ্দেশে সার্কিট হাউস ত্যাগ করেন।