একটি এলাকার উন্নয়নের জন্য সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ, মারামারি ও হানাহানি থাকলে যেকোনো উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়, আর ঐক্যবদ্ধ পরিবেশ উন্নয়নের পথ সুগম করে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি না করে পরিবেশ সুন্দর রাখেন, তবেই উন্নয়ন করা সহজ হবে। আজ এত মানুষ শান্তিপূর্ণভাবে একত্রিত হয়েছেন বলেই একটি সুন্দর পরিবেশে এই সভা আয়োজন করা সম্ভব হয়েছে।
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
এ সময় তিনি অসহায় ও অর্থনৈতিক সংকটে থাকা ব্যক্তি বা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কোনো পরিবার সংকটে পড়লে তাদের সহযোগিতা করা সমাজের দায়িত্ব। এছাড়া স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা করার অনুরোধ জানান মন্ত্রী।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।