প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের ধারাবাহিকতায় টাঙ্গাইলে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার কার্যক্রমে সরাসরি অংশ নেন।
এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দিয়ে তিনি বলেন, বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা বা যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল করতে সম্মিলিতভাবে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।