ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ বাহিনী দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রোদ-বৃষ্টি কিংবা গভীর রাত, এমনকি বিভিন্ন উৎসব-পার্বণেও ডিএমপির সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। অনেক সময় পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ মুহূর্তগুলোতেও তারা কর্মস্থলে উপস্থিত থাকতে বাধ্য হন। পুলিশ সদস্যদের এমন কঠিন দায়িত্ব পালনের পেছনে তাদের পরিবারের অবদান অপরিসীম বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সন্তানদের সাফল্য তাদের সেই ত্যাগের অন্যতম বড় প্রেরণা।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। এ বছর মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪৯ জন এবং উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির ১৮৮ জনসহ মোট ৪৩৭ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, এই শিক্ষাবৃত্তি কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি তাদের মেধা, পরিশ্রম, অধ্যবসায় এবং ভবিষ্যৎ স্বপ্নের স্বীকৃতি। ডিএমপির কৃতি সন্তানদের এই সাফল্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তিনি শিক্ষার্থীদের এই স্বীকৃতিকে ভবিষ্যতের বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান এবং নিজেকে এমনভাবে গড়ে তোলার পরামর্শ দেন যাতে তারা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

তিনি আরও বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব উঠে আসবে। তাদের কেউ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে, কেউ নতুন জ্ঞান সৃষ্টি করবে, আবার কেউ মানুষের সেবায় ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।