ক্যারিয়ারের ব্যস্ততার মাঝে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে তিনি আল-আমিন চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পায়েল।
প্রকাশিত ছবিগুলোতে নববধূর সাজে লাল জমকালো শাড়িতে দেখা গেছে পায়েলকে। তার সঙ্গে স্বামী আল-আমিন চৌধুরী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের খবর জানিয়ে পায়েল লিখেছেন, 'আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।'
পায়েলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে তার জীবনসঙ্গীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী, যিনি যুক্তরাজ্যের একাধিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
বিয়ের তারিখ নিয়ে অনুরাগীদের মধ্যে প্রশ্ন তৈরি হলে পায়েল মন্তব্যের ঘরে তা স্পষ্ট করেন। তিনি জানান, বিয়েটি কয়েক দিন আগেই সম্পন্ন হয়েছে। তিনি লিখেছেন, 'বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে-এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।'
দীর্ঘদিন ধরে উপস্থাপনায় নিজের অবস্থান গড়ে তোলা ইসরাত পায়েল দেশের ছোটপর্দার বিভিন্ন অনুষ্ঠান ও বড় আয়োজনে নিয়মিত মুখ। ২০১৫ সালে 'মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল' প্রতিযোগিতায় সাফল্যের পর তিনি নতুন করে আলোচনায় আসেন। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন পর্ব উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন। উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় ছিলেন তিনি এবং বর্তমানে একজন উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন।