কারা অধিদপ্তরের শীর্ষ দুই পদে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামের প্রেষণে নিয়োগের সিদ্ধান্তটি বাতিল করে সরকার।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তাঁদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এই নিয়োগের আগে মোহাম্মদ মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং মো. সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পান।
নিয়োগের পর পরই তাঁদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, দুই কর্মকর্তার নিয়োগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে আরেকটি নতুন প্রজ্ঞাপন জারি করা হলেও তা এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। তবে নিয়োগ দেওয়ার পর এত কম সময়ের মধ্যে প্রজ্ঞাপন বাতিলের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু হাসপাতালে আসছি। আপনি ওয়েবসাইট দেখে এ বিষয়ে জেনে নেন।’ এরপর তিনি ফোনের সংযোগ কেটে দেন।
উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট তৎকালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।