আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রিট আবেদনটি 'উত্থাপিত হয়নি' মর্মে খারিজ করেন।
এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন। রিটকারী আবেদনে প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানিয়েছিলেন। একইসঙ্গে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছিল।
উল্লেখ্য যে, গত ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। এর মধ্যে রয়েছে যাবতীয় প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং যেকোনো ধরনের সম্মেলন আয়োজন।