বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে একটি বসতঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোনখোলা এলাকার এমদাদুল গং এবং রহিম মৃধা গংদের মধ্যে ছয় একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিরসনে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে শনিবার বিকেলে রহিম মৃধার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে কালু হাওলাদারের বসতঘরে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তারা ঘরটিতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ভুক্তভোগী কালু হাওলাদার জানান, গত দুই বছর ধরে তিনি ওই ঘরে বসবাস করছেন। ঘটনার সময় তারা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে রহিম মৃধাসহ বহিরাগতরা এসে ঘরটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারধর করা হয় বলে তিনি দাবি করেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রহিম মৃধা। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এমদাদুল গংরা তাদের জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছে। তাদের ফাঁসানোর উদ্দেশ্যেই তারা নিজেরাই নিজেদের ছোট একটি ঘরে আগুন দিয়ে দোষ চাপাচ্ছে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, এ ঘটনার কোনো অভিযোগ এখনো তাদের কাছে পৌঁছায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।